বন্দুকযুদ্ধে সাবেক ইউপি সদস্য গুলিবিদ্ধ
যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাবেক ইউপি সদস্য আবু ইছা (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ভোরে বাঘারপাড়া উপজেলার তেলি ধান্যখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে আবু ইছা গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।
বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু ইছা নলডাঙ্গা গ্রামের নেছার উদ্দিনের ছেলে। তিনি সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছয়রুদ্দিন আহমেদ জানান, শনিবার ভোরে খাজুরা-বাঘারপাড়া সড়কের তেলি ধান্যখোলা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বোমা হামলা ও গুলি বর্ষণ করে।
পরে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে আবু ইছাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১টি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি, ৪টি গাছি দা ও দড়ি উদ্ধার করা হয়।
পায়ে গুলিবিদ্ধ আবু ইছাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিলন রহমান/এফএ/এমএস