গাজীপুরে হত্যার দায়ে দুই যুবকের ফাঁসি


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ১৫ জুন ২০১৬

গাজীপুরে একটি হত্যা মামলায় দুই যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় দেন। একইসঙ্গে রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
 
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার মো. রিয়াজ উদ্দিন ওরফে ময়নালের ছেলে মো. পারভেজ (২৩) ও একই এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. অমিত হাসান (২১)।
 
গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভেকেট হারিজ উদ্দিন আহমেদ জানান, গত বছরের ২৬ সেপ্টেম্বর রাতে তাস খেলাকে কেন্দ্র করে মাসুদকে তার দুই বন্ধু মো. পারভেজ ও অমিত হাসান কাঁচি দিয়ে উপর্যুপুরি আঘাত করে গুরুত্বর জখম করে। এসময় বাড়ির আশপাশের লোকজন মাসুদের চিৎকারে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এসময় এলাকাবাসীর সহায়তায় পুলিশ মো. পারভেজ ও অমিত হাসানকে আটক করে।

এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা মো. নুরুল ইসলাম নবী বাদী হয়ে মো. পারভেজ ও অমিত হাসানকে আসামি করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর অভিযুক্ত দুই জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে গত ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

১০ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ওই হত্যা মামলায় আসামি মো. পারভেজ ও অমিত হাসান দোষী সাব্যস্ত হওয়ায় বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামিদ্বয়কে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার রায় প্রদান করেন।
 
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভেকেট হারিজ উদ্দিন। আসামি পক্ষে ছিলেন মো. মজিবুর রহমান।
                    
আমিনুল ইসলাম/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।