বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে প্রাণ গেলো শ্রমিকের

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৮ এপ্রিল ২০২৬

বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাসের (আনলোড) সময় ক্রেনের তার (স্লিং) ছিঁড়ে শাহজাহান আলী (৫৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল হোসেন (৫২) নামে আরও এক শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দরের টিটিআই মাঠে এই দুর্ঘটনা ঘটে।

বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার সময় স্থলবন্দরের টিটিআই মাঠে লোহার সিট ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে আনলোড করার সময় ক্রেনের দড়ি (সিলিং তার) ছিঁড়ে দুইজন শ্রমিক মারাত্মক আহত হয়। পরে মারাত্মক আহত অবস্থায় তাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে শাহজান আলীর মৃত্যু হয়। সোহেল হোসেন নামে আর একজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার বেনাপোল (পাঠবাড়ি) গ্রামের আফতাবের ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। তারা দুইজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা বন্দরের দুইজন শ্রমিককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, পথিমধ্যে শাহাজান আলীর মৃত্যু হয়েছে। অপর শ্রমিক সোহেল হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পলাশ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাবধানতাবশত ক্রেনের তার ছিঁড়ে বন্দরের দুইজন শ্রমিক আহত হয়। এর মধ্যে একজন মারা গেছেন। আর একজন চিকিৎসাধীর আছেন। আমরা খোঁজ খবর নিচ্ছি।

মো. জামাল হোসেন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।