কুমিল্লায় প্রবাসী ময়নালের খুনিদের গ্রেফতারের দাবি
কুমিল্লার মুরাদনগরে প্রবাসী ময়নাল হত্যা মামলার এজহারভুক্ত আসামি আব্দুল জলিল ও নুরু মিয়াসহ এ হত্যা মামলায় অভিযুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে জেলার মুরাদনগর উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলার এজহারভুক্ত আসামিদের গ্রেফতার ও বিচার দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন সালাউদ্দিন মেম্বার, জলিল মেম্বার, ইউনুছ মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর রাতে ওই প্রবাসীর স্ত্রী তাছলিমা আক্তার পরকীয়ার কারণে স্বামীর সঙ্গে বিরোধ ও সম্পত্তি আত্মসাৎ করতে ছয় ভাড়াটে খুনি দিয়ে প্রবাসী ময়নালকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ খালের ৪/৫ ফুট মাটির নিচে পুঁতে রেখেছিল।
এ ঘটনায় নিহতের মা আমেনা খাতুন বাদী হয়ে গত বছরের ১ ডিসেম্বর প্রবাসীর স্ত্রী তাছলিমা আক্তার, মামাশ্বশুর আ. জলিল, নুরু মিয়া, শাশুড়ি জোহরা বেগমসহ সাতজনের বিরুদ্ধে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত ১৪ জুন দুপুরে সন্দেহভাজন আসামি বদি ডাকাত (৩৫) এবং বাবু মিয়ার স্বীকারোক্তির ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়।
কামাল উদ্দিন/এসএস/এবিএস