দেবিদ্বারে অবৈধ গরুর বাজার উচ্ছেদ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর এলাকার একটি অবৈধ গরু বাজার এবং ওই বাজারকে ঘিরে স্থাপিত সকল স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
বুধবার সকালে ঘণ্টাব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দাউদ হোসেন চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামে আবাসিক এলাকায় অবৈধভাবে গরু বাজার স্থাপন করে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হলেও স্থানীয় একটি সিন্ডিকেট ইজারার টাকা ভাগ-ভাটোয়ারা করে নিতো।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দাউদ হোসেন চৌধুরী জানান, কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃখলা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক অবৈধ এ গরু বাজার উচ্ছেদ করা হয়েছে। এর আগেও একাধিকবার জেলা প্রশাসনের নির্দেশে এ বাজার উচ্ছেদ করা হয়েছিল।
কামাল উদ্দিন/এসএস/এমএস