নতুন পোশাক পেল কুমিল্লার পথশিশুরা


প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৮ জুন ২০১৬

রাস্তায়-ফুটপাতে যাদের জীবন কাটে তাদের আবার ঈদের আনন্দ কিসের! দু’বেলা পেটপুরে খাবারই তো তাদের জোটে না। এদিক-সেদিক থেকে পচা-বাসি খাবার যা পাওয়া যায় তা খেয়ে কোনো রকম চলে কুমিল্লার পথশিশুদের জীবন।

কিন্তু দুস্থ, অসহায় এসব পথশিশুদেরকেও ঈদ আনন্দে সামিল করার ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে কুমিল্লা নগরীর অন্যতম বিদ্যাপীঠ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানের দুই শতাধিক পথশিশুকে কলেজ ক্যাম্পাসে এনে তাদের হাতে তুলে দেয়া হয় ঈদের নতুন পোশাক। পোশাক পেয়ে এসব পথশিশু সীমাহীন আনন্দে মেতে ওঠে।

ঈদের নতুন পোশাক পেয়ে পথশিশু সামিউল, রায়হান, জামাল, সুমাইয়া, তানজিনাসহ অন্যান্যরা জানায়, ‘কেউ আমাদের খোঁজ-খবর নেয় না, আজ কলেজে এসে নতুন পোশাক পাবো তা আমরা ভাবিনি।’

কলেজের শিক্ষার্থী তারিকুল আরেফিন সিয়াম, সাব্বির আহমেদ, মাসুদ পারভেজ অনিক ও ফজলে রাব্বী জানান, পথশিশুদেরকে আমাদের সমাজের জন্য বাড়তি সমস্যা হিসেবে অনেকেই অবহিত করে থাকেন, কিন্তু তা ঠিক নয়। পথশিশুরা আমাদের সহানুভূতি ও সহায়তা পেলে তাদেরকে বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করা সম্ভব।

কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন ভূইয়া জানান, ‘কলেজের শিক্ষার্থীদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, আমাদের সমাজের অসহায় এসব পথশিশুদের মাঝে এ সামান্য সহায়তা তাদের ঈদ আনন্দে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলবে।’

মো. কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।