বেনাপোলে ১৩ কোটি টাকার ভারতীয় পোশাক আটক


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২৯ জুন ২০১৬

যশোরের বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার কাপড় আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এর মধ্যে রয়েছে- ফেব্রিক্স, প্যান্টিং থান, ফেব্রিক্স লেস, লেহেঙ্গা, থান কাপড়, আর্টিফিসিয়াল উইগ ও আবির। মঙ্গলবার রাত ১১টার দিকে বেনাপোল-যশোর সড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
 
যশোর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে এসব মালামাল আটক করা হয়।

এছাড়া সোমবার রাতে একই স্থান থেকে একটি মিনি ট্রাক আটক করে তার মধ্য থেকে ৬৩ লাখ ৪১ হাজার ৬২৫ টাকা মূল্যের থান কাপড়, আর্টিফিসিয়াল উইগ, ফেব্রিক্স লেস ও আবির আটক করা হয়।

তিনি আরো জানান, আটক পণ্য চালানগুলো ভারত থেকে আমদানিকৃত। তবে শুল্ক ফাঁকি দিয়ে এগুলো ছাড় করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

জামাল হোসেন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।