ডাকাতের ছুরিকাঘাতে ভূমি অফিসের সার্ভেয়ার নিহত


প্রকাশিত: ০৯:৩২ এএম, ৩০ জুন ২০১৬

যশোরের চৌগাছায় ডাকাতদের ছুরিকাঘাতে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলম নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চৌগাছা থানার গেটের সামনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতিকালে ৩ বাড়ি থেকে ডাকাতরা লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
 
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে সেহেরি খাওয়ার সময় একদল ডাকাত উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলমের ভাড়া বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে। এসময় নিচতলার ভাড়াটিয়া বিদ্যুৎ অফিসের লাইনম্যান দিলীপ ও রেজাউলের বাড়িতে ডাকাতি করে লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এরপর তারা দ্বিতীয় তলায় সার্ভেয়ার জাহাঙ্গীর আলমের বাড়িতে হানা দেয়।
 
ডাকাতদের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর চিৎকার করলে ডাকাতরা তার মাথায়, বুকে ও পেটে ছুরিকাঘাত করে। পরে তাকে বাঁচাতে এগিয়ে আসলে জাহাঙ্গীরের স্ত্রী আশাকেও ডাকাতরা ছুরিকাঘাত করে। এ সময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাতরা কয়েকটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আহত জাহাঙ্গীর ও তার স্ত্রীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সকালে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়।

চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলমের বাড়িতে ডাকাতিকালে ডাকাতদের হামলায় স্বামী স্ত্রী আহত হয়েছেন। আহত সার্ভেয়ারকে ঢাকার বক্ষব্যধি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তবে বৃহস্পতিবার দুপুরে সার্ভেয়ার জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভীন।

তিনি জানান, ঢাকা বক্ষব্যধি হাসপাতালে নেয়ার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।

মিলন রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।