উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গে কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। সেই প্রতিষ্ঠান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসেবে দেশে এবং বিদেশে সম্মানের সঙ্গে কাজ করবে। দেশ গড়ার ভূমিকা রাখবে।
জামায়াত আমির বলেন, এ অঞ্চলে কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় হলে এখানে গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভুক্ত হবে। এ অঞ্চলে প্রচুর পরিমাণে আম উৎপাদন হলেও সংরক্ষণের ব্যবস্থ্যা নেই। তাই নায্যমূল্য বঞ্চিত হন চাষিরা। তাদের স্বার্থে এ অঞ্চলে একাধিক সংরক্ষণাগার গড়ে তোলা হবে। প্রসেস ফুড রপ্তানিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
জনসভায় অন্যদের মধ্যে ডাকসুর জিএস এস এম ফরহাদ, আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ জেলা জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন। পরে নওগাঁর ৬টি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে ভোটারদের প্রতি ভোট আহ্বান করেন জামায়াত আমির। সেই সঙ্গে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে আহ্বান জানানো হয়।
আরমান হোসেন রুমন/এনএইচআর/এমএস