বর্ডার দিয়ে আ’লীগ নেতাদের পার করে এখন উল্লাস করছে: হাসনাত আব্দুল্লাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বর্ডার দিয়ে আওয়ামী লীগের নেতাদের যারা পার করে দিয়েছের তারাই আজ নির্বাচনে অংশগ্রহণ করে আনন্দ-উল্লাস করছেন। এসব লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং সেই চাঁদাবাজির একটি নির্দিষ্ট অংশ নিয়মিতভাবে দলের নেতাদের কাছে পৌঁছে দিতে হয়। তাদের মাসিক টার্গেট দেওয়া হয়।’

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা-৫ আসনের নির্বাচনি এলাকার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা হাইস্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ইতোমধ্যেই নীরবে একটি বিপ্লব ঘটে গেছে। মানুষ প্রস্তুত হয়ে আছে ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিতে। দেশের ব্যবসায়ীরা চাঁদাবাজি ও দখলবাজি থেকে মুক্তি চায়, সাধারণ মানুষ শান্তি চায়। এমনকি বিরোধী দলে থাকা অনেক কর্মীও ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিতে আগ্রহী।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভোটের দিন পর্যন্ত ঘরে ঘরে গিয়ে জোটের বার্তা পৌঁছে দিতে হবে। প্রতিদিন আগের দিনের চেয়ে আরও বেশি মানুষের কাছে যেতে হবে এবং বেশি সময় কাজ করতে হবে। ঘুম আর আরাম ত্যাগ করে মাঠে থাকতে হবে বলেও আহ্বান জানান তিনি।

জনসভায় কুমিল্লা-৫ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।