গোপন ভিডিও ধারণ করে ধর্ষণ
ঝালকাঠির স্কুলের সেই ল্যাব অপারেটর গ্রেফতার
এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেল করে একাধিকবার ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে ঝালকাঠির নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ও ল্যাব অপারেটরকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহিদুল ইসলাম (৩৫) উপজেলার তিমিরকাঠি গ্রামের হারুন অর রশিদ তালুকদারের ছেলে।
ভুক্তভোগী নারীর করা অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জুন প্রতিবেশী বিবাহিত এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন জাহিদুল ইসলাম। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়। এভাবে ওই নারীর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় সাত লাখ টাকা আদায় করা হয়।
অভিযোগে আরও বলা হয়, অর্থ আদায়ের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী নারীকে একাধিকবার ধর্ষণ করেন। সবশেষ ২০২৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়িতে একা পেয়ে তাকে আবারও ধর্ষণ করা হয়।
এসব ঘটনার পর ভুক্তভোগী নারী নলছিটি থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে এটি মামলা হিসেবে গ্রহণ করে। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ভিডিও ধারণ ও ধর্ষণের ঘটনার কথা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ বলেন, অভিযুক্ত ল্যাব অপারেটরকে বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।
আমিন হোসেন/এসআর/এএসএম