অসাম্প্রদায়িক দেশ গড়তে বিএনপির বিকল্প নেই: মিলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর মহানগরের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফজলুল হক মিলন বলেন, বাংলাদেশে কোনো মানুষ যেন ধর্ম বা পরিচয়ের কারণে বৈষম্যের শিকার না হয়- এটি নিশ্চিত করবে বিএনপি। আমাদের লক্ষ্য একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া, যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষ সমান অধিকার ও নিরাপত্তা নিয়ে বসবাস করবে।

তিনি আরও বলেন, ভয়ভীতি ও দমন-পীড়নের মধ্যেও গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এ সময়ে বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, অনেককে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

ফজলুল হক মিলন বলেন, প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবে, নিজের জমিতে চাষ করবে এবং নিরাপদ পরিবেশে জীবনযাপন করবে- এমন বাংলাদেশই বিএনপি প্রতিষ্ঠা করতে চায়। ধর্মীয় সম্প্রীতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন পুবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার, সাবেক আহ্বায়ক সুলতান উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকিসহ পুবাইল থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মো. আমিনুল ইসলাম/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।