সিলেটে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগ বিএনপির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার জন্য সিলেটে একটি রাজনৈতিক দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে- এমন অভিযোগ তুলেছে বিএনপি। দলটির দাবি, নগরী ও সদর উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে বেআইনিভাবে প্রভাব বিস্তার এবং সশস্ত্র মহড়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা চলছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদী বলেন, সিলেটের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনি প্রচারণায় শিশু-কিশোরদের ব্যবহার করা হচ্ছে এবং প্রকাশ্য জনসভায় ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভোট চাওয়া হচ্ছে, যা সরাসরি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

তিনি জানান, একটি বিশেষ রাজনৈতিক দল নগরী ও সদর উপজেলার একাধিক ভোটকেন্দ্রে নিজেদের পক্ষে ফল নিশ্চিত করতে কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে বলে বিএনপি জানতে পেরেছে। যেসব কেন্দ্রে বেআইনিভাবে প্রভাব বিস্তার ও সশস্ত্র মহড়ার আশঙ্কা রয়েছে, সেসব কেন্দ্রের তালিকা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিপক্ষ দলের প্রার্থী অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা চালাচ্ছেন। এ সংক্রান্ত প্রমাণ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে বলে জানান বিএনপি নেতারা।

একই সঙ্গে অভিযোগ করা হয়, একটি মহল নির্বাচন বানচাল করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এবং এর অংশ হিসেবে কিছু ভোটারকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ ও কুটির শিল্পবিষয়ক সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুল আহাদ খান জামালসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

আহমেদ জামিল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।