পাবনায় মুখোমুখি বিএনপি-জামায়াত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

পাবনায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে পিটিয়ে ও কুপিয়ে আহতের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে দোষীদের গ্রেফতার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করেছে জামায়াত।

অপরদিকে সংবাদ সম্মেলন করে হামলার নিন্দা জানিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলাকে পরিকল্পিত ষড়যন্ত্র দাবি করেছে জেলা বিএনপি। রমজান আলী আহতের ঘটনায় শিমুল বিশ্বাসের ব্যানার ফেস্টুন ছেঁড়া ও শিমুল বিশ্বাসকে হুমকির অভিযোগ এনে এর প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় শহরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

পাবনা সদর-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসেন জানান, নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে হেমায়েতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মুক্তিযোদ্ধা রমজান আলীকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। তিনি সেটি উপেক্ষা করে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালানোয় শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতা রায়হানের নেতৃত্বে স্থানীয় একটি মসজিদ থেকে তাকে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পাবনায় মুখোমুখি বিএনপি-জামায়াত

এরপর তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় রাতে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। পরদিন সকালেও শহরে প্রতিবাদ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।

এসময় প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন, বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসের ভাই বাবুল বিশ্বাস ও ভাতিজা রানা বিশ্বাসের হুকুমে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী রায়হানের নেতৃত্বে হামলা করা হয়। দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে হামলার ঘটনায় বিএনপির কেউ জড়িত নয় দাবি করে রোববার দুপুরে পাবনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, মুক্তিযোদ্ধা বয়স্ক মানুষকে আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত প্রার্থী ঘোলা পানিতে মাছ শিকার ও অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। হামলার সঙ্গে জড়িতরা বিএনপির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয়। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে জামায়াত পরিকল্পিত অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। প্রতিবাদের নামে তারা বিএনপি প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের সব ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আলমগীর হোসাইন নাবিল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।