বিএনপি ও রিকশার প্রার্থীর বোরকা বিতরণ-হামলার পাল্টাপাল্টি অভিযোগ
কিশোরগঞ্জ-৬ আসনে (ভৈরব-কুলিয়ারচর) ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা আতাউল্লাহ আমীনের গণসংযোগে নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অপরদিকে উপজেলা বিএনপির দাবি, নারী ভোটারদের প্রলোভন দেখিয়ে একত্রিত করে কম্বল, বোরকা, চাদর বিতরণ করা হচ্ছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়ায় এই ঘটনা ঘটে।
এনসিপির কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক শরীফুল হক জয় বলেন, প্রতিদিনের মতোই সকাল থেকে আমাদের প্রার্থী আতাউল্লাহ আমীনকে নিয়ে গণসংযোগে ছিলাম। তার বাড়ির পাশে আমানত ইসলামী স্কুল। এটি ওই প্রার্থীর পরিবারের সদস্যরা পরিচালনা করেন। ট্রাস্টি বোর্ডের অর্থায়নে নির্বাচনের তফসিল ঘোষণার আগে কম্বল বিতরণ করা হয়। এগুলো কিছু সেখানে রয়ে যায়। সোমবার দুপুর আড়াইটার দিকে আতাউল্লাহ আমীনের বাড়ির সামনে থেকে কয়েকজন নারী তার পক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় যুবদলের কয়েকজনের নেতৃত্বে হামলা চালানো হয়। একপর্যায়ে তারা আমাদের প্রার্থীর বোন ও ভগ্নিপতির গায়ে হাত তোলেন। পরে পুলিশ ও সেনাসদস্যরা সেখানে আসার পর হামলাকারীরা স্থান ত্যাগ করে।
এসব অভিযোগ অস্বীকার করে ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, আতাউল্লাহ আমীনের বাড়ি থেকে ভোটারদের বোরকা, চাদর, টাকা ও কম্বল দেওয়া হচ্ছিল। এর মাধ্যমে ভোটারদের রিকশা প্রতীকের পক্ষে ভোট দিতে প্ররোচিত করা হয়। পরে এলাকার স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এসময় প্রার্থীর ভাইসহ কয়েকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয়।
ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ভোটের আগে কোনো প্রার্থীর বাড়ি থেকে কাউকে নগদ অর্থ, বোরকা ও কম্বল দেওয়া আচরণবিধির লঙ্ঘনের শামিল। অথচ রিকশার প্রার্থীর বাড়ির লোকজন তাই করছিলেন।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ বলেন, একজন প্রার্থীর নারী কর্মীদের ওপর হামলার একটি লিখিত অভিযোগ পেয়েছি। আবার বিএনপির প্রার্থীর পক্ষ থেকে কম্বল, চাদর, বোরকা, টাকা বিতরণের মৌখিক অভিযোগও পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আতাউল্লাহ আমীন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। এবারের নির্বাচনে তিনি রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে আসনটিতে ধানের শীষ প্রতীকে লড়ছেন জেলা বিএনপির সভাপতি ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ অঞ্চল) শরিফুল আলম।
রাজীবুল হাসান/এফএ/এমএস