নারায়ণগঞ্জে ভোটের টানে বাড়ি ফিরতে বাড়তি ভাড়ার চাপ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৪১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিতে নারায়ণগঞ্জ ছেড়ে যাচ্ছে অসংখ্য অস্থায়ী বাসিন্দারা। তবে নির্বাচন উপলক্ষে ছুটি পেয়ে জন্মস্থানে ফিরতে মানুষকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এমনটাই অভিযোগ যাত্রীদের।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল ও কাঁচপুরের বাসস্ট্যান্ডে এমন দৃশ্য চোখে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, তিনটি বাসস্ট্যান্ডে হাজার হাজার মানুষ গাড়ির জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর পর দূরপাল্লার যানবাহন স্ট্যান্ডে এলেই গাড়ি ভরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। তবে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কোথাও যানজট সৃষ্টি হয়নি।

নারায়ণগঞ্জে ভোটের টানে বাড়ি ফিরতে বাড়তি ভাড়ার চাপ

গড়িপুর যেতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন শাহজালাল। তিনি বলেন, ৮০ টাকার ভাড়া তার কাছে ১৫০ টাকা চাওয়া হচ্ছে। মূলত যাত্রীর চাপ থাকায় বাসচালকরা এ কাণ্ড করছেন।

চট্টগ্রাম যাবেন শাহজাহান, তার অভিযোগ নির্ধারিত ভাড়া থেকে ২০০ টাকা বেশি আদায় করা হচ্ছে। বাধ্য হয়ে বাড়তি ভাড়ায় টিকিট কিনেছেন।

নারায়ণগঞ্জে ভোটের টানে বাড়ি ফিরতে বাড়তি ভাড়ার চাপ

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, লোকবল সংকটের কারণে খোঁজ নিতে পারিনি। আজ যাত্রীর অধিক চাপ থাকায় হয়তো কাউন্টারগুলো বাড়তি ভাড়া আদায় করছে। আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর জাগো নিউজকে জানান,বর্তমানে আমাদের হাইওয়ে পুলিশের সদস্য নেই বললেই চলে। সবাই নির্বাচনি ডিউটি করছে। বলা চলে আমি একটাই ডিউটি করে যাচ্ছি। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগটি আমি খবর নিচ্ছি।

মো. আকাশ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।