যশোর-৩ আসনে কেন্দ্র দখলের শঙ্কা জামায়াত প্রার্থীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

যশোর-৩ (সদর) সংসদীয় আসনে ভোটকেন্দ্র দখলের আশঙ্কা প্রকাশ করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

আব্দুল কাদেরের অভিযোগ, তার নির্বাচনি এলাকায় প্রতিপক্ষের একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ভয়ভীতি, হেনস্তা ও নাশকতার মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে।

তিনি বলেন, সামগ্রিকভাবে ভোটের পরিবেশ মোটামুটি ভালো থাকলেও বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে এবং নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টি করা হয়েছে। কারাগারে থাকা চিহ্নিত সন্ত্রাসীদের জামিনে বের করে এনে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। নির্ধারিত পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট প্রতীক ছাড়া অন্য প্রতীকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে।

তিনি আরও দাবি করেন, নির্বাচনের আগের রাত থেকেই কয়েকটি কেন্দ্রে নাশকতার পরিকল্পনা, বলপ্রয়োগে কেন্দ্র দখল, অস্ত্র ও পেশিশক্তির মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি এবং ফলাফল প্রতিপক্ষের পক্ষে নেওয়ার অপচেষ্টা চলছে। তার সমর্থক ও সাধারণ ভোটার, বিশেষ করে নারী ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।

মিলন রহমান/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।