নেত্রকোনায় বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নেত্রকোনা-৩ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তারা হলেন, কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ও ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া।তারা দুইজনই বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থক বলে জানা গেছে। তবে বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গারাউন্দ ও দেওপাড়া পাশাপাশি গ্রাম। নির্বাচন নিয়ে আলাপ-আলোচনার মধ্যে মঙ্গলবার রাতে যুবদল নেতা আব্দুল হালিম ও স্বতন্ত্র প্রার্থীর (ঘোড়া প্রতীক) অনুসারী গারাউন্দ গ্রামের বাসিন্দা আলমগীর মিয়ার মধ্যে তর্কবিতর্ক বাঁধে। এর জেরে এক পর্যায়ে ধানের শীষ ও ঘোড়া প্রতীকের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুঁইয়া বলেন, আমার সমর্থক পাঁচজনকে হামলা চালিয়ে আহত করেছে। প্রতিদিন হামলা করছে। ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। আমি প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছি না।

তবে এ বিষয়ে বিএনপি প্রার্থীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়। এছাড়া সেনাসদস্যরাও ঘটনাস্থলে গেছেন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কোনো পক্ষই এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়নি।

এইচ এম কামাল/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।