খাগড়াছড়িতে মুসলিম লীগের প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:২৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

খাগড়াছড়িতে ভোটগ্রহণের আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত ‘হারিকেন’ প্রতীকের প্রার্থী মো. মোস্তফা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এক লিখিত বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে তিনি প্রশাসনের পক্ষপাতিত্ব, নির্বাচনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তোলেন।

মোস্তফা বলেন, প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি ও তার পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিলেন। গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে একজন গানম্যান চেয়ে আবেদন করলেও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকেই এলাকায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। তার ভাষ্য অনুযায়ী, কিছু প্রার্থী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন।

এ সংক্রান্ত অভিযোগে তিনি গত ৮ ফেব্রুয়ারি যুগ্ম জেলা ও দায়রা জজ (দায়িত্বপ্রাপ্ত বিচারক) এবং নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত আবেদন করেন। তবে ৪৮ ঘণ্টা পার হলেও অভিযোগের নিষ্পত্তি না হওয়ায় তিনি বিচার প্রক্রিয়ায় বিলম্ব ও সম্ভাব্য পক্ষপাতের আশঙ্কা প্রকাশ করেন।

মোস্তফা দাবি করেন, তার অভিযোগে জেলা পরিষদের কয়েকজন সদস্য ও কর্মকর্তার নাম থাকায় তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। এছাড়া কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার পরও নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পাওয়ায় নির্বাচন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, খাগড়াছড়ি জেলার ১৮৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। কেন্দ্র দখল ও ফলাফল প্রভাবিত করার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তিনি। এ পরিস্থিতিতে নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতির কথাও জানান মোস্তফা।

একই সঙ্গে হারিকেন প্রতীকের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান তিনি। তবে এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রবীর সুমন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।