একটি দল অতিরিক্ত উচ্চাভিলাষে ভুগছে: সালাউদ্দিন আহমদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:২৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি দল অনৈতিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এবং এ জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। দলটি অতিরিক্ত উচ্চাভিলাষে ভুগছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউটে ভোট দেয়ার আগে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেন, একটি দলের মধ্যে যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার তাড়না কাজ করছে। যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার তাড়নায় দলটি অনৈতিক পন্থা অবলম্বন করছে। কয়েকটি স্থানে সাজানো ঘটনা ঘটেছে এবং ব্যালট পেপার ছাপানোর মতো ঘটনাও সামনে এসেছে।

বিএনপি প্রার্থী বলেন, এসব ঘটনায় নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ইতোমধ্যে কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে এবং শাস্তিও দেওয়া হয়েছে।

এমন সব ঘটনার নিন্দা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চা টিকিয়ে রাখতে সব রাজনৈতিক দলকে নিয়ম-নীতি মেনে চলতে হবে। দেশের জনগণ কোনো ধরনের অপসংস্কৃতি বা অনিয়ম মেনে নেবে না। অতীতে যেমন প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও তেমনই হবে বলে তার বিশ্বাস।

নির্ধারিত সময়ে কক্সবাজারের সব কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। সব কেন্দ্রে কম-বেশি ভোটার উপস্থিতি রয়েছে। বয়োবৃদ্ধ নারী-পুরুষ ভোটারেরা সকাল সকাল ভোট কেন্দ্রে আসেন। আইনশৃঙ্খলার দায়িত্ব থাকারা তাদের ভোট দিতে সহযোগিতা করছেন। স্ব স্ব কেন্দ্রে ভোট দিয়েছেন প্রার্থীরা।

সায়ীদ আলমগীর/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।