নিরাপত্তায় সন্তুষ্ট ভোটাররা, বডি ওর্ন ক্যামেরায় সবকিছু রেকর্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ছবি-মাহবুব আলম

ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ, আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি এবং সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার—সব মিলিয়ে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা নির্বিঘ্নে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ সুষ্ঠু রাখতে এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, আনসার, র‍্যাব ও বিজিবি ও সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের শরীরে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যাতে কেন্দ্রের ভেতর-বাইরের কার্যক্রম রেকর্ড থাকে।

একাধিক ভোটার বলেন, আগের নির্বাচনের তুলনায় এবার নিরাপত্তা বেশি চোখে পড়ছে। কেন্দ্রে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত কোনো ঝামেলা হয়নি।

বারিধারায় ডিওএইচএসে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটকেন্দ্রে সোবহান ইসলাম নামের একজন ভোটার বলেন, বডি ওর্ন ক্যামেরা থাকায় কেউ অনিয়ম করতে সাহস পাবে না। এতে স্বচ্ছতা বাড়বে।  

দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানান, বডি ওর্ন ক্যামেরায় ধারণকৃত ভিডিও প্রয়োজন হলে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। এতে ভোটকেন্দ্রে অনিয়ম, বিশৃঙ্খলা বা সহিংসতার অভিযোগ উঠলে দ্রুত যাচাই করা সম্ভব হবে।

তিনি বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।  

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ফলাফল মেনে নেওয়ার বক্তব্য এসেছে। টিভি স্ক্রিনে দেখলাম, উভয় দলই বলছে ফলাফল যাই হোক তারা মেনে নেবে। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হচ্ছে সবাই সেটা মেনে নেবেন এটাই স্বাভাবিক।

টিটি/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।