ভোটকেন্দ্রে মানুষের লাইন, দেখে মনে হচ্ছে জনসভা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১১:৩৬ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: জাগো নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ঢল নেমেছে। কিছু কিছু কেন্দ্র যেন জনসভায় রূপ নিয়েছে।

উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি মাঠ ভরে গেছে। অনেকে মাঠ ছাড়িয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এছাড়া আবু তোরাব উচ্চ বিদ্যালয়, করের হাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়, সরকারহাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব বেশী।

ভোট দিতে আসা আবুল কাশেম বলেন,  ১৭ বছর ভোট দিতে পারিনি, এবার ভোট দিয়েছি। আশা করছি ধানের শীষ বিজয়ী হবে। ভোটারদের উপস্থিতি দেখে মনে হচ্ছে জনসভা চলছে।

সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সুমাইয়া আক্তার বলেন, মিরসরাইয়ে সব কয়টি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মিরসরাইয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮১১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। পোস্টাল ব্যালট রেজিষ্ট্রেশন করেছেন ৬ হাজার ৫৭২ জন। ১৮ বছর থেকে ৩৩ বছর বয়সের ভোটার ১ লাখ ২৩ হাজার ৯৭২ জন। মোট ভোট কেন্দ্র ১০৬টি, মোট বুথের সংখ্যা ৭১৮টি। ১০৬টি কেন্দ্রে সিসি ক্যামরা স্থাপনের করা হয়েছে। 

মিরসরাই থানায় ৪৯টি কেন্দ্রের মধ্যে ২১টি অধিক ঝুঁকিপূর্ণ, জোরারগঞ্জ থানার ৫৭টি কেন্দ্রের মধ্যে ২৮টি অধিক ঝুঁকিপূর্ণ। দুইটি থানা মিলিয়ে ১০৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৮টি ঝুঁকিপূর্ণ।

এ আসনে প্রার্থী রয়েছেন ৭জন; বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ মনোনীত প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম আঃ রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফ।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।