প্রশাসনকে পুরো নিরপেক্ষ বলবো না: এটিএম আজহার
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, প্রশাসন পুরো নিরপেক্ষ, সেটা বলবো না। কারণ গতকাল অনেকেই অনেক অঘটন ঘটানোর চেষ্টা করেছে। আমি ওসিকে বলার চেষ্টা করেছি, কিন্তু রেসপন্স করেনি। তবে এখন পর্যন্ত আমি মনে করি, ভালো অবস্থাই আছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বদরগঞ্জ পৌর শহরের বালুয়াভাটা নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, এটাতো ১৭ বছর পরের ভোট। ১৫ বছরতো জেলেই ছিলাম। আর বাইরেও তো অনেকেই ভোট দিতে পারেনি। এজন্য অত্যন্ত আনন্দিত-খুশি যে, জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। আর পরিবেশগতভাবে এখন পর্যন্ত আমি আমার এলাকায় এমন কিছু দেখিনি। তবে কেবল ভোট শুরু হলো, বিকেল পর্যন্ত বোঝা যাবে যে, ভোটের পরিস্থিতি ভালো কি না।
তিন বলেন, আমি যে রুমে ভোট দিলাম, সেখানে লাইট অপর্যাপ্ত। আমি ডিস্ট্রাকশন করেছি যে, আমার মতো লোকই তো সিলটা ঠিকমতো মারতে পারতেছে না। এটা কেন অনিয়ম? আমি বলেছি, এটা আমার অভিযোগ থাকলো যে ইমিডিয়েটলি তাদের লাইটের ব্যবস্থা করা উচিত।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, প্রশাসন নিরপেক্ষ পুরো বলবো না। আমাদের দেশের ভোট তো অনেক সমস্যাগ্রস্ত। সেই হিসেবে ১৭ বছর পর একটা প্র্যাকটিস, সে প্র্যাকটিসটা শুরুতে হয়তো অনেক কিছু হতে পারে।
এটিএম আজহারুল ইসলাম বলেন, জয়ের ব্যাপারে ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী। কারণ জনগণের যে রেসপন্স পেয়েছি, তাতে যদি অন্য কোনো অঘটন না ঘটে, স্বাভাবিকভাবে মানুষ যদি ভোট দিতে পারে, কাউন্ট ঠিকমতো হয়, তাহলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো ইনশাআল্লাহ।
জিতু কবীর/এফএ/এএসএম