ধানের শীষে ভোট দিতে গিয়ে দুই কিশোরী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: জাগো নিউজ

শরীয়তপুরের নড়িয়ার একটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার চেষ্টায় লাইনে দাঁড়ালে অপ্রাপ্তবয়স্ক দুই কিশোরীকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রিসাইডিং ও প্রশাসন সূত্র জানায়, মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩ হাজার ২৮২। এদের মধ্যে নারী ১ হাজার ৫২০ ও পুরুষ ১ হাজার ৭৬২।

বৃহস্পতিবার দুপুরে অপ্রাপ্তবয়স্ক দুই কিশোরী কেন্দ্রে ধানের শীষের প্রতীকের পক্ষে ভুয়া ভোটার স্লিপ ব্যবহার করে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। বিষয়টি বুঝতে পারলে তাদের কেন্দ্র থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছুক্ষণ পর তারা আবার আরেকটি লাইনে দাঁড়ালে পরে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের চাচা রুবেল মোল্লা নামের এক ব্যক্তি তাদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য পাঠিয়েছে।

বিষয়টি নিয়ে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা স্বরূপ শিকদার বলেন, ‘তারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ালে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বের করে দেয়। পরে আবার তারা কিছুক্ষণ পর লাইনে দাঁড়ালে তাদের আটক করলে তারা জালভোট দিতে এসেছে বলে জানায়। আমরা তাদের আটক করে সহকারী রিটার্নি কর্মকর্তাকে খবর দিয়েছি।’

বিষয়টি নিয়ে সহকারী রিটার্নি কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, ‘দুইজন অপ্রাপ্ত কিশোরী ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। পরে তাদের আটক করা হয়েছে। বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।’

বিধান মজুমদার অনি/কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।