নড়াইলে ধানের শীষ-কলস প্রতীকের সমর্থকদের সংঘর্ষ, আহত ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নড়াইলে নির্বাচন-পরবর্তী সহিংসতায় দুই দফায় ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (কলস প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হবখালীর বাগডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলস প্রতীকের পক্ষের আহতরা হলেন- হবখালী বিএনপির ওয়ার্ড সভাপতি সৈয়দ আতিয়ার রহমান, সৈয়দ মাহিন আলী, সৈয়দ রেন্টু আলী, সৈয়দ খেজির আলী ও সৈয়দ আইয়ুব আলী। তারা সবাই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ধানের শীষের পক্ষের আহত হয়েছেন আশরাফুল শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মাগরিবের নামাজের পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কলস প্রতীকের সমর্থকরা ধানের শীষের সমর্থক আশরাফুল শেখকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে এশার নামাজের পর আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধানের শীষের সমর্থকরা কলস প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষে ছয়জন আহত হন। আহতদের সবাই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজুল নিলু/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।