লালমনিরহাটে পলাতক আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মো. আমিনুর রহমান নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আমিনুর রহমান জেলার হাতীবান্ধা উপজেলার বাড়ইপাড়া (কানিপাড়া) গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৯ সালের ২৫ নভেম্বর দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক ও তার সঙ্গীয় ফোর্স বাড়াইপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় লাল রঙের প্লাস্টিকের নেটের বস্তা কাঁধে নিয়ে হেঁটে আসছিলেন আমিনুর। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে ওই বস্তা তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা হয়। তদন্ত ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

আদালত রায়ে উল্লেখ করেছেন, পলাতক আসামি যেদিন আত্মসমর্পণ করবেন বা গ্রেফতার হবেন সেদিন থেকে তার দণ্ড কার্যকর হবে। তবে বিচারাধীন সময়ে তিনি যদি হাজতবাস করে থাকেন, তবে সেই সময়কাল কারাদণ্ডের মূল মেয়াদ থেকে বাদ যাবে। এছাড়া জব্দ করা মাদকদ্রব্য (ফেনসিডিল) রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে বিধি অনুযায়ী ধ্বংসের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) হুমায়ুন রেজা স্বপন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। আসামি গ্রেফতার বা আত্মসমর্পণের পর থেকে সাজা কার্যকরের বিষয়টি রায়ে স্পষ্ট করা হয়েছে।

মহসীন ইসলাম শাওন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।