রমজানে খাদ্যের দাম বৃদ্ধি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানা করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাণ বাজার ও ইউআই স্কুল রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এলিয়াম হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে বিভিন্ন খাদ্যের দাম বৃদ্ধি করা হয়েছে এমন অভিযোগে এই অভিযান করা হয়। অভিযানে ইউআই স্কুল রোড এলাকার একটি কনফেকশনারীর দোকানে খাবারের দাম বেশি রাখায় এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে শহরের পুরাণ বাজারের মিরাজ ফুড প্রডাক্টসে মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এছাড়াও গরুর মাংসের দাম সরকারিভাবে নতুন মূল্যতালিকা ঘোষণার আগ পর্যন্ত পূর্বের নির্ধারিত দাম প্রতি কেজি ৭৫০ টাকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. এলিয়াম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তার স্বার্থে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।