সেহরির পর আ’লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে দেড় বছর ধরে বন্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সকালে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, গোপালপুর থানা গেট থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকের সামনে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী জড়ো হন। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে তারা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। পরে সাইফুল ইসলাম তালুকদার সুরুজ সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বক্তব্যে তিনি সাবেক সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থান ত্যাগ করেন। পরে সকালে বিক্ষুব্ধ ব্যক্তি গিয়ে ওই ব্যানার খুলে ফেলেন বলে জানা গেছে।

এ বিষয়ে গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল বলেন, ভোর রাতে গোপনে মাইক্রোবাস করে এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। পরে তাৎক্ষণিক তারা চলে যায়। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ফজরের নামের আগে সেহরির শেষ মুহূর্তে কয়েকজন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর একদল বিক্ষুব্ধ ব্যক্তি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেন। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।