ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উড়ালেন নেতাকর্মীরা
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে যুবলীগের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কোতোয়ালী থানার পাশে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন করতে দেখা যায়। এ সংক্রান্ত ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা যুবলীগের সদস্য হিমেল মাহাফুজ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাওসার আকন্দ, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা দেবাশীষ নয়ন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় জয়বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেন তারা।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন জাগো নিউজকে বলেন, ভিডিওটি দেখিনি, তবে শুনেছি। যেহেতু সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ, সেহেতু এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
বক্তব্য জানতে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এন কে বি নয়ন/এমএন/এএসএম