পরিবেশ প্রতিমন্ত্রী
বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ ও সুন্দরবন রক্ষা অগ্রাধিকার পাবে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমার মন্ত্রণালয়ের যেসব কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত হাতে নেওয়া হবে এবং বাস্তবায়ন করা হবে তা এরইমধ্যে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে রয়েছে ২৫ কোটি বৃক্ষ রোপণ, প্লাস্টিক দূষণ রোধ, সুন্দরবন সুরক্ষায় দস্যুতা দমন ও বিষ প্রয়োগ বন্ধ করা। একইসঙ্গে তিনটি কাজকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
জাগো নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কর্মপরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।
শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘প্রথমত—আমরা দেশবাসীর কাছে কমিটমেন্ট করেছিলাম, বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবো। এতে প্রতি বছর আমাদের পাঁচ কোটি করে গাছ লাগাতে হবে। এ কাজটি আমরা অগ্রাধিকার ভিত্তিতে করবো। আগামী ১৫ দিনের মধ্যে বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা নির্ধারণ করবো। তারপর কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেবো। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।’
দ্বিতীয়ত—প্লাস্টিক দূষণ নিয়ে দেশে বর্তমানে মারাত্মক সমস্যা হচ্ছে। ঢাকাসহ বড় বড় শহরে যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, তা (তার কারণ) ওয়ানটাইম প্লাস্টিক। বিগত বিএনপি সরকারের আমলে এটি নির্মূল করা হয়েছিল। আবার ধীরে ধীরে এটি ছত্রাকের মতো ছড়িয়ে পড়ছে। এটা আমাদের পরিবেশের জন্য ভয়ানক ক্ষতিকর। এটি নিয়েও আমরা পরিকল্পনা করছি এবং দ্রুত কাজ শুরু করবো।’
তৃতীয়ত—সুন্দরবন সুরক্ষার ক্ষেত্রে আমরা অনেক পেছনে পড়ে আছি। দস্যুবৃত্তি প্রচণ্ড পরিমাণে বেড়েছে। সম্প্রতি পাঁচটি বাহিনী প্রতিনিয়ত জেলেদের অপহরণ করছে, মুক্তিপণ নিয়ে ছাড়ছে। এক্ষেত্রে জেলেরা অসহায় হয়ে পড়েছেন। জেলেরা ভয়ে সাগরে যেতে চাচ্ছেন না। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবো।
আরও পড়ুন:
মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী
১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি দৃশ্যমান হবে: পানিসম্পদ মন্ত্রী
‘বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে, যেটা ভয়ানক ক্ষতিকর’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সব বিভাগের কর্মকর্তাদের নিয়ে বসবো। চেষ্টা করবো যাতে আমরা বিষ প্রয়োগটা বন্ধ করতে পারি। বিষে টোটাল মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের আমিষের চাহিদার ঘাটতি হবে বিষের কারণে।’
তিনি বলেন, ‘আমাকে যে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি যথাযথভাবে পালন করবো। আশা করি আমার দায়িত্ব পালনের মধ্যদিয়ে দেশ ও মানুষ উপকৃত হবে।’
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন। তা হলো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিপুল ভোটে জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন শেখ ফরিদুল ইসলাম।
আবু হোসাইন সুমন/এসআর/এমএস