ইফতার শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একই পরিবারের আরও দুই সদস্য। তারা সবাই একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ-সোনাহার উপজেলা সড়কের ধরধরা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দেবীগঞ্জ উপজেলা সদরের কলেজপাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৭) ও মেয়ে মুনতাহা (৫)। আহত অবস্থায় মমতার ভাগনে মনিরুল ইসলাম ও আরেক মেয়ে মোবাশ্বিরাকে (৫) দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাহার গজপুরী এলাকায় বাবার বাড়িতে ইফতার আয়োজনে অংশ নিয়ে রাতে ভাগনে মনিরুলের মোটরসাইকেলে জমজ দুই মেয়েসহ বাড়ি ফিরছিলেন মমতা। ফেরার পথে নতুন বন্দর ধরধরা ব্রিজের কাছে দেবীগঞ্জ থেকে ঢাকাগামী নাদের পরিবহনের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ৪ আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মমতা ও তার মেয়ে মুনতাহাকে মৃত ঘোষণা করেন। এসময় বিক্ষুব্ধ লোকজন বাসটিকে আটক করে।
দেবীগঞ্জ থানা পুলিশের ওসি কে এম মনিরুজ্জামান বলেন, বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। চালক ও বাসটি আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সফিকুল আলম/এফএ/এএসএম