খাল খুঁড়তে গিয়ে মিললো মুক্তিযুদ্ধের অবিস্ফোরিত মর্টার শেল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খাল খননের সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে মর্টার শেলটি পাওয়া যায়। পরে রাত ৯টার দিকে এটিকে নিষ্ক্রিয় করা হয়।
জানা যায়, সোমবার সকালে গ্রামের কৃষক শহিদ মিয়া নালা খননের সময় মাটির নিচে লোহার মতো একটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি বোমা, লঞ্চার কিংবা মাইন হতে পারে এমন আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে প্রশাসন গিয়ে সেটি মর্টার শেল বলে নিশ্চিত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রাখে। এটি মর্টার শেলের অংশ ছিল। পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা চালায়। রাতে বিশেষজ্ঞ দলটি মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গোলাবারুদটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত মর্টার শেল ছিল।
এম ইসলাম/এফএ/এএসএম