এক্সপ্রেসওয়েতে বাড়তি ভাড়া বন্ধে এমপি হানজালার অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

মাদারীপুর শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিবহনে চাঁদাবাজি ও বাড়তি ভাড়া বন্ধে মহাসড়কের বিভিন্ন স্টপেজে ঝটিকা অভিযান চালিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর ও সূর্যনগর বাসস্ট্যান্ড পরিদর্শন করেন তিনি।

জানা গেছে, শিবচরের সূর্যনগর, পাঁচ্চরসহ এক্সপ্রেসওয়ের একাধিক স্টপেজে একটি চক্র পরিবহনে চাঁদাবাজি করে আসছে। ফলে পরিবহনে ঢাকাগামী ভাড়া বেড়ে যাচ্ছে। এছাড়াও পরিবহনগুলো বাড়তি ভাড়া নেওয়ার পাশাপাশি যাত্রীর চাপ বাড়লে ভাড়াও দ্বিগুণ করে। ঈদ মৌসুমে যাত্রীদের কাছ থেকে আদায় করে কয়েকগুণ বাড়তি ভাড়া।

অভিযানে যাত্রীদের সমস্যা শোনার পাশাপাশি বাসচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন তিনি। এসময় চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন। পাশাপাশি বাড়তি ভাড়া আদায় বন্ধে পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করেন।

এ ব্যাপারে এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, এ রুটে মাসের পর মাস যাত্রী হয়রানির অভিযোগ ছিল। এ কারণে আজ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ঘুরলাম। এখানে একটি চক্র যাত্রী প্রতি পরিবহন থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করতো। এটা তাৎক্ষণিক বন্ধ করা হয়েছে। আমরা পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে ভাড়ার তালিকা তৈরি করে মহাসড়কের স্টপেজে টাঙিয়ে দেব। যাতে যাত্রীরা আর হয়রানির শিকার না হয়। এছাড়া ঈদের সময় যেন হয়রানির শিকার না হতে হয় এজন্য প্রশাসনসহ যাত্রীদের পাশে থাকবো।

আয়শা সিদ্দিকা আকাশী/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।