রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ভারতীয় প্রকৌশলী রমানাথ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিদ্যুৎ কেন্দ্রটির ডিজিএম আনোয়ারুল আজিম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, এই পদে যোগদানের আগে তিনি রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির প্ল্যান্ট পরিচালনা, প্ল্যান্ট নির্ভরযোগ্যতা, প্ল্যান্টের দক্ষতা উন্নত করাসহ পরিবেশগত নিয়মাবলি পরিপালনে সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই সময়ে তিনি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে অবদান রেখেছেন এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং প্রকল্পের ভিতরে টাউনশিপ উন্নয়নমূলক কাজও পরিচালনা করেছেন।

জানা যায়, প্রকৌশলী রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন। তিনি ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিই (মেকানিক্যাল) ডিগ্রি ও গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি ভারতের আহমেদাবাদ থেকে আইআইএম ও মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন। তিনি ১৯৮৯ সালে ভারতের এনটিপিসিতে যোগদান করেন। ভারতের ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এনটিপিসির সিপাত পাওয়ার স্টেশনের প্রধানসহ বিদ্যুৎ খাতে তার প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে।

নাহিদ ফরাজী/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।