এমপি দিপু ভূঁইয়া
সমৃদ্ধ রূপগঞ্জ গড়তে জলাবদ্ধতা, মাদক ও শিক্ষা নিয়ে কাজ করবো
প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ দেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক জেলা। এ জেলায় সংসদীয় আসন পাঁচটি। এর মধ্যে রাজধানী ঢাকার উপকণ্ঠে শিল্প, আবাসন, দ্রুত নগরায়ন, যোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণ, শিক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং গ্রামীণ ঐতিহ্য, কৃষি ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে গঠিত বৈচিত্র্যময় এক জনপদ নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনটি। এই গুরুত্বপূর্ণ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার নির্বাচনি অঙ্গীকার, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। একান্ত সাক্ষাৎকারে তিনি ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি ব্যক্ত করেছেন।
জাগো নিউজ: রূপগঞ্জ শিল্প, আবাসন ও শিক্ষা সম্ভাবনায় এগিয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ জনপদ। একে আধুনিক, পরিকল্পিত ও আরও সমৃদ্ধ করতে আপনার পরিকল্পনার মধ্যে অগ্রাধিকার পাওয়া তিনটি প্রকল্প সম্পর্কে বলুন।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু: রূপগঞ্জবাসী আমাকে সংসদে পাঠিয়েছে, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। রূপগঞ্জবাসী আমাকে অনেক দায়িত্ব দিয়ে সংসদে পাঠিয়েছে। যেকোনো মূল্যেই দায়িত্বগুলো আমাকে পালন করতে হবে। এসব দায়িত্বের মধ্যে অনেকগুলো কাজই আমার পরিকল্পনায় রয়েছে। আসলে রূপগঞ্জ অনেক অবহেলিত একটি জনপদ হয়ে গেছে। এখানে তিনটি কাজ বলা মুশকিল। রূপগঞ্জকে সুন্দর রূপে সাজাতে অনেক কাজই বাকি রয়ে গেছে। তবুও সবকাজ তো আর একযোগে করা যাবে না। এসব অসংখ্য কাজের ভিতরে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমদিকে কয়েকটি কাজ বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে আধুনিক ও সমৃদ্ধ রূপগঞ্জ গড়তে অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা, মাদক ও শিক্ষা নিয়ে কাজ করবো।
তিনটি কাজের মধ্যে অন্যতম হচ্ছে জলাবদ্ধতা। এখানে অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। দীর্ঘদিন যাবৎ দখল দূষণে মরে যাওয়া খালগুলো খনন করতে হবে। আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব বলেছেন, খালগুলোকে পুরো উদ্ধার করতে হবে। ইনশাআল্লাহ আমরা এটা অতি শিগগিরই শুরু করবো। রূপগঞ্জের জলাবদ্ধতা নিরসনে খালগুলো খননে নামবো।
আরেকটি সমস্যা হচ্ছে মাদক। রূপগঞ্জে মাদকের মাদকের ভয়াল থাবা যুবসমাজকে বিপথগামী করে তুলছে। মাদকের করাল গ্রাস যুবসমাজ ধ্বংসে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মাদকের কারণে তরুণ প্রজন্ম আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তরুণদের অনেকেই মাদকাসক্ত হয়ে যাচ্ছে। একটি পরিবারে যদি কোনো মাদকাসক্ত একটি ছেলে বা মেয়ে থাকে, সেটা কী পরিমাণ অশান্তির সেই পরিবারই বোঝে।
অন্যদিকে আমরা শিক্ষাব্যবস্থায়ও নজর দিতে চাই। শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় এনে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চাই। কারণ নতুন যে সিলেবাস আসছে সেগুলোর সম্পর্কে তারা খুব বেশি অবগত না। শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা নতুন সিলেবাস তাদের আয়ত্তে আনতে কাজ করবো। শিক্ষকদের সিলেবাস সম্বন্ধে ভালো জানা থাকলেই ছাত্র-ছাত্রীদের ভালোভাবে শেখাতে পারবে। আশা করি সবাই মিলে কাজ করলে আমরা একটি স্বপ্নের রূপগঞ্জ গড়তে পারবো।
জাগো নিউজ: সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু: আপনাকেও ধন্যবাদ।
এফএ/এএসএম