স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তি-চাঁদাবাজির অভিযোগে আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ১ নম্বর পাঁকা ইউনিয়নের পাঁকা গ্রাম থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. শুভ হোসেন (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বড় পাঁকা গ্রামের মোছা. শামীম নাসরিন (৩১) থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, শুভ পাঁকা কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় এক বছর আগে ১০ লাখ টাকায় চুক্তি করেন এবং প্রথম দফায় পাঁচ লাখ টাকা নেন। পরে চাকরি না দিয়ে সময়ক্ষেপণ করেন।

অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরত চাইলে শুভ উল্টো ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। গত ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে বাদীর বাড়িতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও আমাকে কিছু করতে পারবে না। একই সঙ্গে নিজেকে প্রভাবশালী দাবি করে টাকা না দিলে ‘ভেকু দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে’ বলে হুমকি দেন।

বাদীর দাবি, ওই ঘটনার ভিডিও তার কাছে সংরক্ষিত রয়েছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। হুমকির ভিডিওসহ অন্যান্য প্রমাণ যাচাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

রেজাউল করিম রেজা/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।