গুলিয়াখালী সমুদ্র সৈকতে ব্যবসায়ী-পর্যটকদের সংঘর্ষ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৯ মে ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৮ পর্যটকসহ ১২ জন আহত হয়েছে। শনিবার (৯ মে) দুপুরের দিকে গুলিয়াখালি সমুদ্র সৈকতে দোলনাতে বসাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পর্যটকদের মধ্যে আহত হলেন- শেখ জাহিল আবরার (২১), তাজিম (২৪),মো. রাজু (২২), মো. ফজলে রাব্বি (২১), মোঃ রাদ (২১), সৈয়দ তাসফিকুল ইসলাম (২৫),মো. আলিফ (২১) ও মেহেদী হাসান (২২) প্রমুখ।

এদের মধ্যে একজন ময়মনসিংহ, একজন মানিকগঞ্জ এবং বাকিরা সবাই ঢাকা থেকে আসে।

‎পর্যটকরা ঢাকা বারিধারার নতুনপাড়া এলাকায় অবস্থিত ইউআইটিএস ইউনিভার্সিটির শিক্ষার্থী। আহতের মধ্যে রাব্বিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ‎আহত স্থানীয় ও ব্যবসায়ীদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

‎গুলিয়াখালী সমুদ্র সৈকত কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, শনিবার দুপুরে গুলিয়াখালী সৈকত এলাকায় ঢাকা থেকে আসা কয়েকজন পর্যটক একটি দোলনাতে বসতে গিয়ে ছিঁড়ে ও ভেঙে ফেলে। এ সময় স্থানীয় দোকানদারদের সঙ্গে দোলনা ভেঙে ফেলার বিষয়ে পর্যটকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের ১২ জন আহত হয়।

‎আহত শিক্ষার্থী মাহীন বলেন, আমরা ১০ বন্ধু একসঙ্গে গুলিয়াখালী সমুদ্র সৈকতে এসেছি। কিন্তু আমাদের দুজন বন্ধুকে একা পেয়ে দোলনায় বসাকে কেন্দ্র করে স্থানীয় কিছু লোক অতর্কিত হামলা চালায়। পরে আমরা বিষয়টি মীমাংসা করতে আসলে আমাদের ওপরও হামলা চালানো হয়। এতে আমরা আটজন আহত হয়েছি। এছাড়াও আমাদের থেকে স্থানীয়রা মোবাইল ছিনিয়ে নেয়। পরে জাতীয় জরুরি সেবায় কল দিলে পুলিশ ঘটনার স্থলে আসার আগেই মোবাইলগুলো দিয়ে পালিয়ে যায় তারা।

তিনি আরও বলেন, দলবদ্ধ হয়ে অনেক জায়গায় বেড়াতে গিয়েছি। কিন্তু আজকে বেড়াতে এসে অসহায় হয়ে পড়লাম। কখনো আর এখানে বেড়াতে আসবো না এবং কাউকে বেড়াতে আসার কথাও বলবো না।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, আহতদের আটজনের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। কিন্তু একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়। হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। ভুক্তভোগীরা অভিযোগ করেননি। অভিযুক্তদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎এম মাঈন উদ্দিন/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।