অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে শাহ জামাল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব মজমপুর নাসির ডাক্তার গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শাহ জামাল একজন ঠিকাদার ছিলেন। তার গ্রামের বাড়ি কুঁড়িগ্রাম জেলার ওলিপুর থানার চরসিতায়জাহ এলাকার আব্দুর সাত্তার ছেলে। ঠিকাদারি কাজের সুবাদে পুলিশ লাইনের সামনে ভাড়া বাসায় থাকতেন তিনি।

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে শহরের সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে ওই রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়। আহত হন আরও একজন।

স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংটি অরক্ষিত হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। এ ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ করে সেখানে দ্রুত গেট ও গেটম্যান নিয়োগের দাবি জানান।

পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক নাছির উদ্দীন জানান, ট্রেনের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পেয়েছি। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আল-মামুন সাগর/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।