নাটোরে কলেজছাত্র হত্যায় দুজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

নাটোরের সিংড়ায় কলেজছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা সিংড়ার বড়গ্রাম দক্ষিণপাড়া মহল্লার মৃত আব্দুল মজিদ মণ্ডলের ছেলে মাসুদ রানা ও একই এলাকার মৃত ফজলার রহমানের ছেলে মিজানুর রহমান মিন্টু।

নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর জানান, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যা হত্যার স্বীকার সিংড়া উপজেলার বড়গ্রাম দক্ষিণপাড়া মহল্লার আব্দুর রশীদের ছেলে আব্দুল কাহার ওরফে আতিককে তার পরিচিত কয়েকজন ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ির অদূরে একটি পুকুরপাড়ে আব্দুল কাহারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশীদ বাদী হয়ে চারজনের নামসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা করেন।

মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। মোবাইল কলের সূত্র ধরে মিজানুর রহমান মিন্টু ও মাসুদ রানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা আব্দুল কাহারকে হত্যার কথা স্বীকার করলে তাদের বিরুদ্ধে প্রতিবেদনসহ আদালতে পাঠানো হয়। দীর্ঘ প্রায় এক যুগ মামলার স্বাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলায় রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেন।

রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।