সাতক্ষীরায় গরুবোঝাই ভ্যান খাদে পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সাতক্ষীরায় গরুবোঝাই ভ্যান খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানা এলাকার কুমিরার বালিগাদার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

সাতক্ষীরায় গরুবোঝাই ভ্যান খাদে পড়ে নিহত ২

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকায় রওনা দেন। পথে কুমিরার বালিগাদার মোড় এলাকায় পৌঁছালে ইঞ্জিনচালিত ভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলে চালক ইশার আলীর মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। বাকি দুজন চিকিৎসাধীন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লূৎফল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।