দোকান থেকে মালামাল নেননি
বাড়ির কাজ বন্ধ করে দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ
ফেনী শহরতলীর লালপুলে বিএনপি নেতার দোকান থেকে নির্মাণসামগ্রী কিনতে রাজি না হওয়ার এক ব্যক্তির বাড়ির কাজ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত নেতা সাহাব উদ্দিনকে শোকজ করেছে পৌর বিএনপি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শোকজের কথা জানানো হয়।
অভিযুক্ত সাহাব উদ্দিন ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত সাহাব উদ্দিনের এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৩ দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আলম ফরায়েজীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, লালপুল সুলতানিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে নতুন বাড়ি নির্মাণ শুরু করেন মো. ইলিয়াছ। ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন তার কাছ থেকে নির্মাণসামগ্রী কিনতে ইলিয়াছকে চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেন। একই সঙ্গে কাজ করতে হলে চাঁদা দাবি করেন।
ভুক্তভোগী ইলিয়াছ বলেন, সাহাব উদ্দিনের প্রস্তাবে রাজি না হওয়ায় শ্রমিকদের হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং তার সঙ্গে দেখা করতে বলা হয়।
শ্রমিক সুপারভাইজার রনি জানান, অভিযুক্ত ব্যক্তি মোটরসাইকেলে এসে কাজ করতে নিষেধ করেন এবং পুনরায় কাজ করলে ‘খবর আছে বলে’ হুমকি দেন।
জানতে চাইলে অভিযুক্ত সাহাব উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শুধু নির্মাণসামগ্রী ক্রয় করতে বলেছেন।
ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, সাহাব উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/জেআইএম