ফরিদপুর

বিএনপি কর্মীর নেতৃত্বে শ্রমিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:০৪ পিএম, ০২ মার্চ ২০২৬

ফরিদপুরের নগরকান্দার কাটুরদিয়া বাজারে বিএনপি কর্মীর নেতৃত্বে শ্রমিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিক জাকির মোল্যা শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জাকির মোল্যা (৩০) উপজেলার দক্ষিণ কাইচাইল গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কাটুরদিয়া বাজারে দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে বাজারে কাজ করতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা হলেন, বিএনপি কর্মী কবির হোসেন ঠান্ডু, সুলতান মাহমুদ (মন্টু), গিয়াস উদ্দিন মিয়া, আশরাফ মিয়া ও গোলাম মওলা মিয়া। তারা সবাই বাবুর কাইচাইল গ্রামের বাসিন্দা।

অভিযুক্তরা জাকির মোল্যাকে হুমকি দিয়ে বলেন, চাঁদা না দিলে তাকে বাজারে কাজ করতে দেওয়া হবে না। এসময় তাকে গালিগালাজ করা হয় এবং প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কবির হোসেন ঠান্ডু কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তিনি ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। তবে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আগে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কবির হোসেন ঠান্ডু অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। ওই শ্রমিক বাজারে অনিয়ম করে কাজ করতেন। তাই তাকে কাজ করতে নিষেধ করা হয়েছে। একজন শ্রমিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হাস্যকর।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন কে বি নয়ন/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।