ফাল্গুনের হঠাৎ কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৩ মার্চ ২০২৬
ফাইল ছবি

হঠাৎ ঘন কুয়াশার কারণে প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৯টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, মঙ্গলবার ভোররাত থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। ফলে নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল ৫টা ৫০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এদিকে হঠাৎ পড়া কুয়াশায় কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় যানবাহনের তেমন কোনো সিরিয়াল তৈরি হয়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল ৮টা ৫০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। সিরিয়ালে তেমন যানবাহনের চাপ নেই। সকালে সাধারণত যানবাহনের চাপ কম থাকে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।

রুবেলুর রহমান/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।