টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪২ এএম, ০৫ মার্চ ২০২৬

কিশোরগঞ্জের বাজিতপুরে টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৮ টন নিম্নমানের চাল জব্দ করে গুদামটি সিলগালা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার সরারচর ইউনিয়নের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, গত দুই দিন ধরে সরারচর ইউনিয়ন পরিষদের গুদামে টিসিবির মাধ্যমে নিম্নমানের চাল বিক্রি করছিল টিসিবি ডিলার মেসার্স সিয়াম ট্রেডার্স। ভোক্তারা চালের মান নিয়ে অভিযোগ করেন। তাদের অভিযোগ, চাল পচা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তারা নিতে অস্বীকৃতি জানান। এরপরও ডিলারের পক্ষ থেকে সেগুলো বিতরণ করা হচ্ছিল।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদামে ৮ টন নিম্নমানের চাল পাওয়া যায়। এ অপরাধে গুদামটি সিলগালা করা হয়েছে বলেও জানান ইউএনও।

এ বিষয়ে মেসার্স সিয়াম ট্রেডার্সের স্বত্বাধিকারী মালেক মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এসকে রাসেল/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।