পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০৫ মার্চ ২০২৬
হামলার শিকার দুই সাংবাদিককে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাদের ওপর হামলা চালান।

বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এ নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব দানের সামগ্রী ক্রয় করে আসছিল। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান চারজন সংবাদকর্মী।

এসময় একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ করে মব সৃষ্টি করে তাদের ওপর হামলা চালান। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গুরুতর আহত হন।

পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

অভিযোগ রয়েছে, হামলার সময় মসজিদের দায়িত্বে থাকা কিছু ব্যক্তি তাদের উদ্ধার করতে এগিয়ে আসেননি। বরং তাদের কেউ কেউ ওই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে অভিযোগ উঠেছে। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। সংগঠনটির সভাপতি নূর মোহাম্মদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলমা মোল্লা বলেন, অপরাধী যেই হোক পার পাবে না। খুব শিগগির তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এসকে রাসেল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।