ঈদে বাড়তি ভাড়ার কোনো সুযোগই নেই: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৬ মার্চ ২০২৬

ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরা লঞ্চযাত্রীদের জন্য সুখবর দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। ঈদে নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বরিশালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার আয়োজনে ইফতার মাহফিলে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‌‘বাড়তি ভাড়ার কোনো সুযোগই নেই। আমরা জনগণের সরকার। বরং বিআইডব্লিউটিএর যেই ভাড়া নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সঙ্গে আমরা কথা বলছি, তার থেকেও কম ভাড়ায় আমরা এবার ঈদে যাত্রী পরিবহন করতে চাই।’

তিনি বলেন, ‘ঈদযাত্রাকে সুন্দর করার জন্য যেখানে যেখানে ড্রেজিং করা দরকার, সব জায়গায় ড্রেজার আছে। আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি, যদি এরকম কোথায় থাকে যে ড্রেজিং করে নৌপথ সঠিকভাবে কাজ করে, সেই কাজটা আমরা ঈদের আগেই শেষ করে ফেলবো।’

প্রতিমন্ত্রী আরও বলেন, যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন, বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশে, তাদের সুবিধার্থে ঘাটগুলো (বসিলা ও কাঞ্চন) চালু করা হবে। যাত্রীসেবার জন্য আরও অনেকগুলো পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

শাওন খান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।