যশোর
বিদেশি পিস্তল-গুলিসহ আটক তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
যশোরের অভয়নগরে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ তিন যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে পেরুলী-ধুলগ্রাম সড়কে এ ঘটনা ঘটে।
আটক তিন যুবক হলেন, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের ইব্রাহিম সরদারের ছেলে রিয়াজ সর্দার ওরফে সূর্য সরদার (২৮), একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৫) ও শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের আব্দুল আলী মোল্যার ছেলে রবিউল মোল্যা (২৩)।

স্থানীয়রা জানান, গ্রামবাসীর উদ্যোগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পেরুলী-ধুলগ্রাম সড়কে গণপাহারা চলছিল। এ সময় একটি মোটরসাইকেলের দুইজন আরোহীর দেহতল্লাশি করতে গেলে তাদের একজন একটি পিস্তল দেখিয়ে পালাবার চেষ্টা করে। পরে ইছামতি গ্রামের আব্দুল আলীর ছেলে রবিউল মোটরসাইকেল আরোহী দুজনের পক্ষ নিলে তিনজনকেই গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, শুভরাড়া ইউনিয়ন থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ ৩ যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে আগুনে ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
মিলন রহমান/কেএইচকে/এএসএম