খাগড়াছড়ি

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ০৬ মার্চ ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে তেলের দোকান ও পেট্রোল পাম্পগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন ও উপজেলা প্রশাসন।

শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও তেলের দোকানে এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা জোনের জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী ও দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে অভিযোগ পাওয়া যায় যে, উপজেলার বোয়ালখালী নতুন বাজারসহ আশপাশের কয়েকটি বাজারে কিছু পেট্রোল পাম্প ও তেলের দোকান কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করতে দোকান বন্ধ রাখছে এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছে।

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান

এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর দীঘিনালা জোন ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন পেট্রোল পাম্প ও তেলের দোকানের কার্যক্রম তদারকি করে। এসময় জ্বালানি তেলের মজুত, বিক্রয় কার্যক্রম ও মূল্য তালিকা যাচাই করা হয়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ জানান, কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে তারা সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করেন ও কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি না করেন।

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান

তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে বা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে, তবে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প ও তেলের দোকানগুলোতে জ্বালানি তেলের মজুত ও বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় এবং বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

প্রবীর সুমন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।