চুয়াডাঙ্গায় লাইফ কেয়ার হাসপাতালে অভিযান, জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৭ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত লাইফ কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লাইফ কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানের সময় হাসপাতালটির পরিচালক পরিচয় দেওয়া মামুন অর রশিদ শাওন ও স্নিগ্ধা দম্পতি পালিয়ে যান।

তারা চিকিৎসক না হয়েও নিয়মিত রোগী দেখা ও অপারেশন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তারা কোনো বৈধ সনদ বা কাগজপত্র দেখাতে পারেননি বরং কৌশলে পালিয়ে যান।

অভিযানে হাসপাতালের অপারেশন থিয়েটারে নানা অনিয়ম ধরা পড়ে। খাবার, ওষুধ ও চিকিৎসা উপকরণ একই ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল। এসব অপরাধে অপারেশন থিয়েটার সিলগালা করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ভোক্তা অধিকার আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই ক্লিনিকটির বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। চিকিৎসক না হয়েও নিজেদের নামের আগে ‘ডাক্তার’ ব্যবহার করে তারা রোগী দেখতেন এবং প্রেসক্রিপশন প্যাড ব্যবহার করতেন।

তিনি আরও জানান, ক্লিনিকটিতে নিয়মনীতি না মেনে দীর্ঘদিন ধরে অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অভিযানে দেখা যায়, অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় ও মানসম্মত যন্ত্রপাতি নেই। এমনকি অপারেশনের আলো হিসেবে মোটরসাইকেলের ফগ লাইট ব্যবহার করা হচ্ছিল। একই ফ্রিজে খাবার ও ওষুধ সংরক্ষণ করার ঘটনাও পাওয়া গেছে।

হুসাইন মালিক/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।