ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল

মিলন রহমান মিলন রহমান , জেলা প্রতিনিধি, যশোর যশোর
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৮ মার্চ ২০২৬
জাগো নিউজের সঙ্গে সাক্ষাৎকারে যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল

ভবদহ জলাবদ্ধতা সমস্যার নিরসন, দুই উপজেলার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং নওয়াপাড়া পৌরসভার যানজট নিরসনকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল। পাশাপাশি দুই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে কথা বলেছেন তিনি।

জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয় উল্লেখ করেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা এবং সদরের বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত যশোর-৪ আসন।

জাগো নিউজ: যশোর-৪ আসনের কোন সমস্যাটিকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সমাধান করতে চান?

সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল: প্রথমেই গুরুত্ব দিতে চাই ভবদহের জলাবদ্ধতা সমস্যাকে। ভবদহ স্লুইসগেটের কারণে আজ প্রায় ৩৮ বছর ধরে এই এলাকার লাখ লাখ মানুষ পানিবন্দি থাকেন। এখানকার হাজার হাজার হেক্টর জমি চাষবাস করা সম্ভব হয় না। মানুষ কষ্টের মধ্যে থাকে। এই জলাবদ্ধতা দূর করতে চাই। এই জলাবদ্ধতা দূর করার জন্য পরিবেশ বিশেষজ্ঞদের এনে সঠিক পরিকল্পনা নেওয়া হবে। সেইসঙ্গে আমডাঙ্গা খালকে প্রশস্ত ও গভীর করে ভৈরব নদে সঠিকভাবে পানি নামানো গেলে জলাবদ্ধতা দ্রুত দূর হওয়া সম্ভব। এটিই আমার প্রথম কাজ।

জাগো নিউজ: অভয়নগর ও বাঘারপাড়া উপজেলার উন্নয়নের ক্ষেত্রে দ্বিতীয় কোন পদক্ষেপটি নিতে চান?

সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল: দ্বিতীয়ত—আমাদের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলায় দুটি হাসপাতাল আছে, যা প্রায় ৫০ বছর আগে নির্মিত। এই ৫০ শয্যা হাসপাতাল জরাজীর্ণ অবস্থায় রয়েছে। হাসপাতাল দুটিতে হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য আসেন কিন্তু সিট নেই। ভালো বিশেষজ্ঞ ডাক্তার নেই। এই দুটি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করতে চাই, যাতে বিশেষজ্ঞ ডাক্তার থাকতে পারে। যাতে গ্রামের খেটে খাওয়া মানুষগুলো, অসচ্ছল পরিবারের সদস্যরা এখান থেকে সহজেই চিকিৎসা সেবা নিতে পারেন।

জাগো নিউজ: এলাকার সঙ্কট নিরসন বা উন্নয়নের ক্ষেত্রে আর কোন পদক্ষেপটি নিতে চান?

সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল: তৃতীয়ত—অভয়নগর ও বাঘারপাড়ার মধ্যে যে পৌরসভা আছে, বিশেষ করে নওয়াপাড়া পৌরসভায় যে যানজট সমস্যা রয়েছে, তা আমি দূর করতে চাই। এজন্য বাইপাস সড়ক নির্মাণ করা দরকার। এছাড়া দুই পৌরসভায় পরিবেশ দূষণের সমস্যা রয়েছে। এই দূষণ দূর হওয়া দরকার। এই দুই পৌরসভাতেই পয়ঃনিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। রাস্তাঘাট নেই। ট্যাক্স নেওয়া হচ্ছে কিন্তু সুন্দর কোনো ব্যবস্থা নেই। এই দুই পৌরসভাকে আধুনিক, মডেল পৌরসভায় পরিণত করতে চাই। এগুলোই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সুন্দর পরিবেশ নিশ্চিত করতে চাই। যেখানে মানুষ বিশেষ করে অভয়নগর ও বাঘারপাড়ার ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারেন। নিরাপদে চলাচল করতে পারেন। আর বাঘারপাড়া অভয়নগরের গ্রামগঞ্জ ইয়াবাসহ বিভিন্ন মাদকে সয়লাব হয়ে গেছে। যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক নির্মূল করে একটি মাদকমুক্ত সুন্দর পরিবেশ নিশ্চিত করে চাই। সবমিলিয়ে অভয়নগর ও বাঘারপাড়ার উন্নয়নের জন্য আমি অনেক প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে চাই।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।